1
1
ডিএম কণ্ঠ প্রতিবেদক:
গাজীপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) রাতে গাজীপুর সিটি কর্পোরেশন-এর ২১ নম্বর ওয়ার্ডের কাউলতিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক-এর নেতৃত্বে টঙ্গী রাজস্ব সার্কেলের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। অভিযানের সময় দেখা যায়, রাতের অন্ধকারে কৃষিজমির উপরিভাগের মাটি কাটা হচ্ছে।
এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
