1
1
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুন্সিপাড়া জামে মসজিদে শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় যাকাত বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ফিকহি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দেশিপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আতাউর রহমান কাসেমীর তত্ত্বাবধানে এবং খন্দকার মনসুর সাহেবের সার্বিক সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। গাজীপুরের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপালদের উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকার উস্তাদ মুফতি রফিকুল ইসলাম আল-মাদানী। তিনি তাঁর বক্তব্যে বর্তমান বিশ্বে প্রচলিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার রূপরেখা তুলে ধরে ইসলামী অর্থনীতির সৌন্দর্য ও কার্যকারিতা ব্যাখ্যা করেন। পাশাপাশি যাকাতের বিধান, হিসাব ও বণ্টন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় তিনি যাকাত সম্পর্কিত সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও মাসআলা উপস্থাপন করেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ওলামায়ে কেরাম যাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সেগুলোর সমাধান লাভ করেন।
সমাপনী বক্তব্যে মুফতি আতাউর রহমান কাসেমী এ ধরনের ফিকহি সেমিনারের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সমসাময়িক বিষয়ে এ ধরনের সেমিনার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। উপস্থিত ওলামায়ে কেরামও এ ধরনের সেমিনারের প্রয়োজনীয়তার প্রতি সমর্থন জানান এবং অনুষ্ঠানের প্রশংসা করেন।
শেষে মুফতি রফিকুল ইসলাম আল-মাদানীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।