1
1
DM Kontho
ডিএম কণ্ঠ প্রতিবেদন
টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উসমানিয়া সাতাইশ মাদ্রাসা বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী মোট ১০১ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে—যা শতভাগ সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।
ফলাফলের বিশ্লেষণে জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৭ জন মুমতাজ (স্টারমার্ক), ২৮ জন জায়্যিদ জিদ্দান, ২৩ জন জায়্যিদ এবং ১১ জন মাকবুল গ্রেড অর্জন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—এই মাদ্রাসা থেকে ২১ জন শিক্ষার্থী বোর্ড স্ট্যান্ড করার গৌরব অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষা মানের দৃঢ় প্রমাণ বহন করে।
এছাড়া হিফজ বিভাগেও এসেছে ঈর্ষণীয় সাফল্য। এই বিভাগে অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন প্রথম স্থান এবং ৩ জন দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাকি শিক্ষার্থীরাও মুমতাজ (স্টারমার্ক) পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি নুরুল গণি ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন,
“আমরা আরও কিছু মেধা তালিকার সিরিয়াল প্রত্যাশা করেছিলাম। তবুও এই ফলাফল আমাদের জন্য অত্যন্ত সন্তোষজনক। সবচেয়ে বড় কথা, আমাদের কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি—আমরা শতভাগ পাস করেছি।”
তিনি এই অসাধারণ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।