1
1
ডিএম কণ্ঠ অনলাইন তারিখ: ২২ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শিশু-কিশোরদের মাঝে দ্বীনি মূল্যবোধ ও নৈতিক চরিত্রের বিকাশ ঘটানোর লক্ষ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ‘দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ’। পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে মাসব্যাপী পরিচালিত আমলের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাভারের পর এবার গাজীপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) গাজীপুরের জয়দেবপুরস্থ আল বির জামে মসজিদে এই পুরস্কার বিতরণী ও এসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।
কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং বাস্তব জীবনে ইবাদত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি, কুরআন তেলাওয়াত ও মানুষের সাথে সদাচরণের তথ্য মসজিদের ইমাম বা অভিভাবকের স্বাক্ষরের মাধ্যমে নিশ্চিত করতে হয়েছে। যারা নিষ্ঠার সাথে পুরো মাস এই আমলগুলো সম্পন্ন করেছে, তাদের মধ্য থেকেই বাছাইকৃতদের এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন:
“এই জাতীয় প্রতিযোগিতা শিশু-কিশোরদের ওপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলছে। উদাহরণস্বরূপ, আমাদের এলাকায় বেড়াতে আসা এক কিশোর এই প্রতিযোগিতায় উদ্বুদ্ধ হয়ে নিজ এলাকায় গিয়ে ৪০ দিনব্যাপী আমলের প্রতিযোগিতা শুরু করেছে। এমন আয়োজন অব্যাহত থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ ও নৈতিকতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাহদি হাসান, জনাব আদম আলী, জনাব মনির হোসেন, জনাব আতিকুর রহমান লিটন ও জনাব মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজয়ীদের তালিকা
গাজীপুর কেন্দ্র থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৩ জন সফলভাবে আমল সম্পন্ন করে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বিজয়ীরা হলেন:
১. মুহাঃ তাহসিন ইসলাম (তামিম), ২. মুহাঃ সাবিত রহমান (আতিফ), ৩. মুহাঃ মাহদি রহমান (লাবীব), ৪. মুহাঃ ইরফান, ৫. মুহাঃ সাজ্জাদ হুসাইন (লাবীব), ৬. মুহাঃ শাব্বির আহমাদ, ৭. মুহাঃ মুস্তাকিম, ৮. মুহাঃ ইসমাইল হুসাইন, ৯. মুহাঃ শাব্বির ইসলাম (সানি), ১০. মুহাম্মদ আশফাকুর রহমান, ১১. মুহাম্মদ রাকিবুল ইসলাম (রাফসান), ১২. মুহাম্মদ আশিকুর রহমান (সাআদ) এবং ১৩. মুহাম্মদ বোরহান উদ্দিন।
বিজয়ীদের প্রত্যেককে একটি করে বই ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।পরবর্তী কর্মসূচি ও সেমিনার
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পরিচালক মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ জানান, আগামী ২৪শে এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর আজিমপুর ছাপরা মসজিদে পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সংগঠনটি কেবল শিশু-কিশোর নয়, বরং সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, মাদকবিরোধী মাহফিল এবং দ্বীনি সেমিনার পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ৯ই মে ২০২৬ (শনিবার) ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে “রোযা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরয়ী বিশ্লেষণ” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব (দা.বা.)।
অনুষ্ঠানটি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
ডিএম কণ্ঠ | সত্যের সন্ধানে অবিচল
