1
1
ডিএম কণ্ঠ ডেস্ক :
আজ মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হচ্ছে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ২৭ জানুয়ারি ২০২৫ থেকে এই পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর ১৪৪৭ হিজরি/২০২৬ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস পরীক্ষায় দেশব্যাপী বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষাগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
আজ প্রথম দিনে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে তিরমিজি শরীফ (১ম পত্র) বিষয়ে।
আল-হাইআতুল উলইয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রথম দিন পরীক্ষার শুরু হওয়ার ৩০ মিনিট আগে এবং পরবর্তী দিনগুলোতে ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কিরাআত (মৌখিক) পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জানানো হবে। ছাত্রীদের কিরাআত পরীক্ষা নিজ নিজ মাদরাসায় গ্রহণ করা হবে।
কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
