1
1
গাজীপুর প্রতিনিধি | ডিএম কণ্ঠ:
গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে ভূমি সংক্রান্ত সেবায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। দ্রুততা, স্বচ্ছতা ও হয়রানিমুক্ত সেবার মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে অফিসটি। বর্তমানে মাত্র ২০ থেকে ২৮ দিনের মধ্যেই ই-নামজারি ও জমাভাগ সম্পন্ন করা হচ্ছে।
টঙ্গী রাজস্ব সার্কেলের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক ২০২৫ সালের ২৫ আগস্ট যোগদানের পর থেকেই ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
অফিস সূত্রে জানা যায়, পূর্বে নামজারি ও জমাভাগ সম্পন্ন করতে গড়ে প্রায় ৯০ দিন সময় লাগত। বর্তমানে তা কমিয়ে ২০ থেকে ২৮ দিনের মধ্যে নামজারি ও জমাভাগ নিষ্পত্তি করা হচ্ছে। একই সঙ্গে বিবিধ মামলা (মিসকেস) ও সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলাও দ্রুত নিষ্পত্তি পাচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক যোগদানের পর গত চার মাসে—
১০০টির বেশি বিবিধ মামলা (মিসকেস) নিষ্পত্তি
২৫টি সীমানা নির্ধারণ মামলা নিষ্পত্তি
৪৫০০টির বেশি নামজারি ও জমাভাগ আবেদন মঞ্জুর
৪ একরের অধিক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে
ভূমি অফিসে প্রবেশপথে টানানো নোটিশ বোর্ড অনুযায়ী—
প্রতি রবিবার সাধারণ জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ
সোম, মঙ্গল ও বুধবার মিসকেস ও নামজারি আপত্তির শুনানি
বৃহস্পতিবার সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়
মিসকেসের শুনানিতে অংশগ্রহণকারীরা জানান, আগে দীর্ঘদিন শুনানি না হওয়ায় বহু মামলা ঝুলে ছিল। বর্তমানে দ্রুত শুনানি গ্রহণ ও রায় প্রদান করা হচ্ছে।
টঙ্গী রাজস্ব সার্কেলের আওতাধীন টঙ্গী পৌর, কাশিমপুর ও গাছা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভূমি সংক্রান্ত সকল সেবা সহজীকরণে আন্তরিকভাবে কাজ করছেন বলে জানান সংশ্লিষ্টরা।
নামজারি ও জমাভাগের জন্য আবেদনকারী একাধিক গ্রাহক জানান, ভূমি মন্ত্রণালয় থেকে মোবাইলে খুদে বার্তার মাধ্যমে শুনানির তারিখ জানানো হয়। নির্ধারিত তারিখে অফিসে এসে তারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন।
গাজীপুর মহানগরের গাছা এলাকার বাসিন্দা রোকেয়া বেগম জানান, অনলাইনে নামজারি ও জমাভাগের আবেদন করার পর মাত্র ২৮ দিনের মধ্যেই কোনো ধরনের হয়রানি ছাড়াই তার আবেদন মঞ্জুর হয়েছে।
ভূমি সেবায় এমন উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আস্থা ফিরিয়ে আনছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
