1
1
ডি এম কণ্ঠ ডেস্ক:
রাষ্ট্রায়ত্ত সংস্থা Biman Bangladesh Airlines-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (এমডি) মো. শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং আরও দু’জনকে ১১ বছর বয়সী এক গৃহকর্মী শিশুকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি শফিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিল। অভিযোগ অনুযায়ী, সেখানে থাকার সময় শিশুটিকে নিয়মিত মারধর করা হয় এবং তার শরীরে আঘাত ও দগ্ধ করার চিহ্ন পাওয়া গেছে।
শিশুটির বাবা অভিযোগ করেন, আর্থিক সংকটের কারণে তিনি মেয়েটিকে ওই বাসায় কাজ করতে দেন। অভিযুক্ত দম্পতি শিশুটির ভরণপোষণ, ভবিষ্যৎ খরচ এমনকি বিয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে ২০২৫ সালের নভেম্বরের পর থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং পরিবারকে তাকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে মেয়েটিকে ফিরিয়ে আনার সময় তার শরীরে একাধিক জখম, আঘাত ও দগ্ধ চিহ্ন দেখা যায়। শিশুটি নিজ বক্তব্যে জানায়, তাকে নিয়মিত মারধর করা হতো এবং গরম লোহার বস্তু দিয়ে শরীরে দাগ দেওয়া হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে শফিকুর রহমান, তার স্ত্রী এবং আরও দু’জন সহযোগীকে গ্রেফতার করে।
ঢাকার একটি আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে মামলাটি বিচারাধীন রয়েছে। আইন অনুযায়ী, আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী হিসেবে গণ্য করা যায় না। ন্যায্য বিচার পাওয়ার অধিকার প্রত্যেক অভিযুক্তের রয়েছে।
