1
1
ডিএম কন্ঠ, ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব )-এর নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (Special Intervention Force – SIF) রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ (অব.)-এর সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশ অনুযায়ী র্যাবের নাম পরিবর্তন করে “Special Intervention Force (SIF)” রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।
তিনি আরও জানান, খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারি হলে ফোর্সটি নতুন উদ্যম ও পেশাদারিত্ব নিয়ে কার্যক্রম শুরু করবে। একই সঙ্গে বাহিনীটির পোশাকেও পরিবর্তন আনা হবে। তবে শুধু নাম ও পোশাক পরিবর্তন নয়, বাহিনীর কার্যক্রমেও প্রয়োজনীয় সংস্কার আনা হবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে আজ বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে একটি “Electoral Management Exercise” অনুষ্ঠিত হবে। এ মহড়ার মাধ্যমে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে জনগণ বাস্তব ধারণা পাবে।
ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন এন্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী হায়দার সিদ্দিকী জানান, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী ১৯৯টি অস্ত্র, ১,৯৭২টি গোলাবারুদ উদ্ধার এবং ১,৮০৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সারাদেশে ১ লাখ ৬ হাজার ২২৩ জন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত পুলিশ ও র্যাবের খোয়া যাওয়া অস্ত্র থেকে ৪,৪৩২টি, কারা কর্তৃপক্ষের হারানো অস্ত্র থেকে ৬৫টি, লাইসেন্সকৃত অস্ত্র ৩২৮টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের অস্ত্র ২,৯০৬টি—মোট ৭,৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাক্ষরিত
ফয়সল হাসান
জনসংযোগ কর্মকর্তা
(উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়