1
1
ডিএম কণ্ঠ, টঙ্গী প্রতিনিধি:
বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসায়ে নূরে মদিনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টা থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টঙ্গী, গাজীপুরায় অবস্থিত মাদ্রাসায়ে নূরে মদিনা একটি খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি আল আমিন একজন প্রখ্যাত আলেম ও এডভোকেট। বর্তমানে এ মাদ্রাসায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষায় অধ্যয়নরত রয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ডক্টর হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
নূর বিডি ডট কম-এর সম্পাদক সৈয়দ শামসুল হুদা,
দৈনিক আমার দেশ পত্রিকার সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব,
বিশিষ্ট লেখক ও গবেষক মহিউদ্দিন কাসেমী,
শতাধিক গ্রন্থের লেখক মুফতি আবু বকর সিরাজীসহ আরও অনেক গুণীজন।

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য দৌড় প্রতিযোগিতা, মার্বেল-চামচ দৌড়, অংক দৌড়, বিস্কিট দৌড়, মোরগ লড়াই, মার্বেল কুড়ানো, দড়ি লাফসহ নানা ধরনের আকর্ষণীয় ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, ধৈর্য, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
